চট্টগ্রাম-৬ আসনে গিয়াস কাদের বাদ, চূড়ান্ত মনোনয়ন পেলেন আকবর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:৩৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে তাদের প্রাথমিক প্রার্থী পরিবর্তন করে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। 

দলের সিদ্ধান্ত অনুযায়ী, এই আসন থেকে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বাদ পড়েছেন। তার পরিবর্তে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকারকে।

রোববার বিকেলে গোলাম আকবর খন্দকার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, "বিকেলেই দলীয় চূড়ান্ত মনোনয়নপত্র হাতে পেয়েছি। দলের এই সিদ্ধান্তে আমি আনন্দিত এবং নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

এর আগে গত ৪ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রাথমিক প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে এসে রাউজানের রাজনৈতিক সমীকরণে এই বড় পরিবর্তন আনল দলটি।

উল্লেখ্য, শুধু রাউজান নয়, চট্টগ্রামের আরও কয়েকটি আসনে মনোনয়নে পরিবর্তন এনেছে বিএনপি। গতকাল ২৭ ডিসেম্বর চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এই রদবদল চট্টগ্রামের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ইএইচ