মঙ্গলবার ইনকিলাব মঞ্চের ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:৩৪ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে আগামীকাল মঙ্গলবার দিনব্যাপী অনলাইনে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। 

সোমবার রাতে রাজধানীর শাহবাগে চলমান অবরোধ কর্মসূচির সমাপ্তি টেনে এ নতুন কর্মসূচির কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

সংবাদ সম্মেলনে জাবের বলেন, “আগামীকাল রাত ১২টা থেকে আমরা বিনীত অনুরোধ করছি আপনারা নিজে, আপনাদের সন্তান এবং সব ধরনের মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের এই কালচারাল আইকনকে স্বীকৃতি দেওয়ার জন্য ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে ডকুমেন্টারি, ভিডিওগ্রাফি, আবৃত্তি ও ডিজিটাল কনটেন্ট তৈরি করুন। আমরা চাই কাল পুরো সোশ্যাল মিডিয়া ও মূলধারার গণমাধ্যমজুড়ে শুধু শহীদ হাদির নাম থাকবে।”

কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি আরও বলেন, “আমরা রাজপথ ছেড়ে যাওয়ার জন্য আসিনি। ইনসাফের লড়াইয়ে একজন চলে গেলে আরেকজন এসে দাঁড়াবে। ভয়ের সংস্কৃতি কাটিয়ে আজাদি ছিনিয়ে আনতে হবে।” 

এ সময় তিনি বাংলাদেশের নতুন সাংস্কৃতিক জাগরণ শহীদ হাদির হাত ধরে শুরু হয়েছে উল্লেখ করে দিল্লির তাবেদারি সংস্কৃতি ছুড়ে ফেলার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাবের অভিযোগ করেন, আন্দোলনের আশপাশে অস্ত্রধারীরা ঘুরে বেড়ালেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তিনি সন্দেহ প্রকাশ করেন যে, প্রশাসনের একটি অংশ হয়তো এসব ঘটনার সাথে জড়িত। তবে তিনি স্পষ্ট করে বলেন, শহীদের রক্ত দিয়ে শুরু হওয়া এই লড়াই আমৃত্যু চলবে এবং ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ মাঠ ছাড়বে না।

আগামীকালের এই অনলাইন কর্মসূচিতে শহীদ হাদির চিন্তা, কর্ম ও আদর্শ নিয়ে দেশবাসীকে সরব হওয়ার আহ্বান জানিয়ে শাহবাগের অবস্থান কর্মসূচির আপাতত সমাপ্তি টানা হয়।

ইএইচ