দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এই শোক সংবাদ জানান।
মৃত্যুকালে তার শয্যাপাশে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান।
এ ছাড়া ছোট ছেলের স্ত্রী শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্য সদস্য এবং আত্মীয়স্বজনরা এ সময় হাসপাতালে ছিলেন। রাজনৈতিক সহকর্মীদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা শেষ মুহূর্তে তাঁর পাশে অবস্থান করছিলেন।
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রেস উইং থেকে জানানো হয়েছে, মরহুমার জানাজার সময়সূচি ও দাফনের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ইএইচ