খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক  প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৮:০৭ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান তার পোস্টে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে লেখেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।”

শোকবার্তায় জামায়াত আমির আরও বলেন, আল্লাহ যেন তার শোকসন্তপ্ত পরিবার, প্রিয়জন ও সহকর্মীদের এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি বা ‘সবরে জামিল’ দান করেন।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতারা শোক প্রকাশ করছেন।

ইএইচ