সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জীবন-মৃত্যুর দীর্ঘ লড়াই শেষে তাঁর এই চিরবিদায় দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি করেছে।
এখন পর্যন্ত তাঁর শেষ বিদায়ের আনুষ্ঠানিক সূচি চূড়ান্ত না হলেও দলীয় ও পারিবারিক বিভিন্ন সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে সমাহিত করার জোরালো সম্ভাবনা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও সাংবাদিকদের সাথে আলাপকালে এমন ইঙ্গিত দিয়েছেন।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার মরহুমার জানাজা ও দাফন সম্পন্ন হতে পারে। সাবেক এই প্রধানমন্ত্রীর শেষ বিদায়ের রাষ্ট্রীয় ও সাংগঠনিক প্রক্রিয়া নির্ধারণে আজ সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, প্রিয় নেত্রীর মৃত্যুতে বিএনপি সারা দেশে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনসহ বিভিন্ন দোয়া মাহফিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জেএইচআর