নাহিদ ইসলাম

বেগম জিয়ার প্রয়াণ একটি বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:৫০ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল।

নাহিদ ইসলাম তার বার্তায় উল্লেখ করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব এ দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ে পথ দেখিয়েছে। বিশেষ করে নব্বইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তাঁর ভূমিকা ছিল অসামান্য।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ এবং নানা চড়াই-উতরাইয়ের সম্মুখীন হলেও নিজের আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে সবসময় অবিচল ছিলেন। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তাঁর এই ‘আপসহীন’ মনোভাব ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

শোকবার্তার শেষে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রী।

ইএইচ