আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ড. আব্দুল মঈন খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, পেশায় লেখক সারোয়ার তুষারের বার্ষিক আয় ৩ লাখ ৪০ হাজার টাকা এবং তার শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক (এইচএসসি)।
বৃহস্পতিবার নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসাইন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সারোয়ার তুষারের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
মনোনয়নপত্রের হলফনামায় সারোয়ার তুষার নিজেকে একজন ‘লেখক’ হিসেবে পরিচয় দিয়েছেন। তার দেওয়া আর্থিক বিবরণী অনুযায়ী, বর্তমানে তার কাছে নগদ ৩ লাখ টাকা রয়েছে এবং আয়কর রিটার্নে তিনি মোট ২ লাখ ২০ হাজার টাকার সম্পদ প্রদর্শন করেছেন। তবে হলফনামার নির্দিষ্ট কলামে তাঁর নামে কোনো স্থাবর বা উল্লেখযোগ্য অস্থাবর সম্পদের বিবরণ উল্লেখ করা হয়নি।
রাজনৈতিক ও ব্যক্তিগত ক্লিন ইমেজের অধিকারী এই প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে। নরসিংদী-২ আসনে সাবেক মন্ত্রী আব্দুল মঈন খানের বিপরীতে তরুণ এই নেতার প্রতিদ্বন্দ্বিতা স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ইএইচ