তিনবারের এমপিকে বহিষ্কার করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১১:০৬ পিএম

দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক সংসদ সদস্য ও নওগাঁ জেলাধীন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. সালেক চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য যে, ডা. সালেক চৌধুরী নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ, জুনে অনুষ্ঠিত সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে আজই বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এরপরই তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নিলো বিএনপি।

আসন্ন সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি।

ইএইচ