বর্তমান সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক উল্লেখ করে এ সময়ে সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার বিকেল ৩টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে জামায়াত আমির বলেন, প্রিয় সহকর্মীবৃন্দ, বহু ত্যাগ এবং কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময়ে সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের উদ্দেশ্য— একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি, আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবো, ইনশাআল্লাহ।
এএন