জরুরি বৈঠকে জামায়াত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:৪৩ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট থেকে সরে যাওয়ার ঘোষণার প্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি-নির্ধারণী ফোরাম। 

শনিবার সকাল ১০টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

দলীয় সূত্র জানায়, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই বৈঠকে জোটের বর্তমান পরিস্থিতি ও আসন সমঝোতার বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। আসন সমঝোতার দায়িত্বে থাকা শীর্ষ নেতারাও এতে অংশ নিয়েছেন। ১১ দলীয় জোটের পক্ষ থেকে ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা দেওয়া হলেও বাকি ৪৭টি আসনের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে বৈঠকে গভীর পর্যবেক্ষণ চলছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামীসহ ১০টি দল জোটবদ্ধভাবে ২৫৩টি আসনে লড়ার ঘোষণা দিয়েছিল। তখন জানানো হয়েছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। তবে শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন এক সংবাদ সম্মেলনে জামায়াতের বিরুদ্ধে ‘অসহযোগিতা’ ও ‘আদর্শিক অস্পষ্টতার’ অভিযোগ তুলে ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দেয়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী আন্দোলনের এই কঠোর অবস্থানের ফলে নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জোটের নেতারা এখনো আশাবাদী। তারা আজই ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে পুনরায় আলোচনায় বসতে পারেন। আগামী ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ইসলামী আন্দোলনকে জোটে ফেরানোর সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

যদি শেষ পর্যন্ত সমঝোতা না হয়, তবে জোটের ফাঁকা থাকা ৪৭টি আসনে ১০ দলের পক্ষ থেকে পরবর্তী আলোচনার ভিত্তিতে নতুন প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। জামায়াতের আজকের বৈঠক শেষে ১০ দলের লিয়াজোঁ কমিটিরও একটি পৃথক বৈঠকে বসার কথা রয়েছে।

জেএইচআর