ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে গণঅধিকার পরিষদ (জিওপি)। নির্বাচন কমিশন থেকে বরাদ্দ পাওয়া ‘ট্রাক’ প্রতীকে দেশের ৯৩টি আসনে লড়াই করবেন দলটির প্রার্থীরা।
বুধবার দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
গণঅধিকার পরিষদ সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নিতে ১০৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে ১২ জন সরে দাঁড়িয়েছেন। এ ছাড়া একজনের প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) এখনো আপিল চলছে। বর্তমানে ৯৩টি আসনে ট্রাক প্রতীকে লড়বে দলটি।
দলটির চূড়ান্ত তালিকায় দেখা যায়, পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে লড়বেন। এ ছাড়া দলটির মুখপাত্র ফারুক হাসান ঠাকুরগাঁও-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আবু হানিফ জানান, পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদের নিয়ে তারা আশাবাদী। নির্বাচনি মাঠে শেষ পর্যন্ত থেকে ট্রাক প্রতীকের বিজয় নিশ্চিত করতে তাঁরা কাজ করে যাবেন।
ইএইচ