বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ‘অন্যতম বীর সেনাপতি’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ডা. শফিকুর রহমান ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রধান কাণ্ডারি এবং মজলুম জননেতা। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কারাবরণ করেছেন। এ বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্যাতিত হওয়ার পরও লড়াই থামাননি। আমাদের সৌভাগ্য যে, ঢাকা-১৫ আসন থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হলো।
এদিকে বিএনপির প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে তীব্র সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি প্রশ্ন তুলে বলেন, দুই থেকে তিন হাজার টাকার এ কার্ড কি প্রকৃত অভাবীরা পাবেন? নাকি কার্ড পেতেও হাজার টাকা ঘুষ দিতে হবে?
তিনি আরও বলেন, একদিকে তারা কার্ড দেওয়ার কথা বলছেন, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়নপত্র দিচ্ছেন। যারা ক্ষমতায় গিয়ে পুনরায় লুণ্ঠন করবে এবং জনগণের টাকা আত্মসাৎ করবে, এমন ব্যক্তিদেরই দলটি মনোনয়ন দিয়েছে।
ইএইচ