কারো সাথে মাথানত করে আলোচনা করব না: লুৎফুজ্জামান বাবর

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:৪৮ পিএম

আমরা কারো সাথে মাথানত করে আলোচনা করব না। যত বড় দেশ হোক চোখে চোখ রেখে কথা বলব উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, অতীত নিয়ে ঘাটাঘাটির সময় নেই। ভবিষ্যতে কী করব সেদিকে আমরা আগাব। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। অতীতের মতো আরও বেশি বড় বরাদ্দ নিয়ে আসব উন্নয়নের জন্য। প্রত্যেকটি যুবককে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন, সবকিছুর মালিক আল্লাহ।

শুক্রবার বেলা ১১টায় নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে বিরামপুর বাজারে পথসভায় নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা কারো সাথে মাথানত করে আলোচনা করব না, যত বড় দেশ হোক চোখে চোখ রেখে কথা বলব। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। অতীতে আওয়ামী লীগ সরকার ছিল তারা কী করছে তা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আপনারা জানেন দীর্ঘ ১৮ বছর পর আগামী ১২ ফেব্রুয়ারি সবার অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। তাই আপনারা সবাই স্বাধীনভাবে ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন এবং নিজের ভোট নিজে দিবেন।

তিনি আরও বলেন, মূল লক্ষ্যই হচ্ছে আমার নির্বাচনী এলাকায় বেকারমুক্ত করে অর্থনীতি সমৃদ্ধ করা। মাদক কারবারিকে খুঁজে খুঁজে বের করবেন। ধরবেন, বাঁধবেন, উত্তম-মাধ্যম দিয়ে তারপর পুলিশে দিয়ে দিবেন। কেউ তদবির করতে আসলে তাকে আগে ধরবেন, কোনো ছাড় দিবেন না। এটি আমাদের সামাজিক আন্দোলন। মাদক ও জুয়া থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। এজন্য সামাজিকভাবে সকল পিতা-মাতার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নিজ সন্তানের খোঁজখবর রাখতে হবে। আমার নির্বাচনী তিন থানায় মাদক ও জুয়া মুক্ত দেখতে চাই।

এ সময় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম তালুকদারসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ