বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারতে পালিয়েছে। আরেকটি শক্তি বিদেশি শক্তির গোলামি করে বাংলাদেশে বিভ্রান্তিকর রাজনীতি করছে। আমরা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি এবং আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ।
শুক্রবার জুমার নামাজের আগে চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ আসন থেকে সালাহউদ্দিন আহমদ তিনবার এবং তার স্ত্রী হাসিনা আহমদ একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে তার সাথে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুক ও ইসলামী আন্দোলনের ছরওয়ার আলম কুতুবী।
পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা দেশের মালিকানা ফেরত পেয়েছি এবং অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি। এ গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে যাতে প্রতিটি নাগরিক নিজেকে রাষ্ট্রের মালিক মনে করেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীন ও মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, এ দেশের উন্নয়ন, গণতন্ত্র ও প্রগতির জন্য বিএনপি আজীবন সংগ্রাম করেছে। ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে ভবিষ্যতে একটি সমৃদ্ধিশালী, সাম্যভিত্তিক ও মানবিক মর্যাদাভিত্তিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ধানের শীষ প্রতীকে সবার সমর্থন কামনা করেন।
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, বাংলাদেশের স্বার্থকে সর্বাগ্রে সমুন্নত রেখে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনই বিএনপির মূল লক্ষ্য।
পথসভা শেষে তিনি সুরাজপুর মানিকপুর, কাকারা ও জিদ্দবাজার এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান।
ইএইচ