কোনো অসৎ ও দুর্নীতিবাজ ব্যক্তির সুন্দর কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, যারা নতুন বাংলাদেশ গড়ার কথা বলবেন, তাদের নিজেদের চরিত্রের মাধ্যমে প্রমাণ দিতে হবে যে তারা উপযুক্ত।
শুক্রবার রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনি ঐক্যজোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিবাজরা নির্বাচনে রঙিন স্বপ্ন দেখিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তাদের চিনে রাখতে হবে এবং প্রত্যাখ্যান করতে হবে।
জামায়াতে ইসলামী সাম্য ও ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, আমরা জাতিকে আর বিভক্ত করতে চাই না। দেশসেবার সুযোগ পেলে আমরা সবাইকে নিয়ে দেশ পরিচালনা করব, তবে সেক্ষেত্রে দুর্নীতিমুক্ত থাকা এবং ন্যায়বিচার নিশ্চিত করার শর্ত মানতে হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পরিবর্তনের পর জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।
প্রতিহিংসার রাজনীতি বর্জন করার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, সাড়ে ১৫ বছর আমরা দফায় দফায় কারাবরণ করে মজলুম হয়েছি, কিন্তু আমরা কাউকে মজলুম বানাতে চাই না। তাই আমরা ঢালাওভাবে মামলা না করে কেবল সুনির্দিষ্ট অপরাধের বিচার চাই।
বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা বেকার ভাতা দিয়ে অলস জাতি তৈরি করতে চাই না; বরং প্রতিটি কর্মক্ষম নারী-পুরুষকে দক্ষ করে তাদের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই।
নারীদের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় দক্ষতা অনুযায়ী সকল ধর্মের নারীদের সমান সুযোগ দেওয়া হবে।
রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা মাওলানা মমতাজ উদ্দিন, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ, রংপুর-১ আসনের প্রার্থী রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের প্রার্থী মাহাবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের প্রার্থী গোলাম রব্বানী, রংপুর-৬ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিনসহ জামায়াত ও শিবিরের নেতারা।
অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমান প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং আগামী নির্বাচনে তাদের জয়যুক্ত করার পাশাপাশি গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানান।
ইএইচ