জামায়াত-শিবির প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে এবং অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে তাঁদের শারীরিক ও মানসিক হেনস্তা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির বেশ কয়েকজন ভুক্তভোগী নারী কর্মী উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভী বলেন, ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করছে একটি বিশেষ রাজনৈতিক দলের ‘বটবাহিনী’। নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা ছাড়া দেশে সুস্থ নির্বাচনী পরিবেশ বজায় রাখা সম্ভব নয়।
রিজভী আরও বলেন, এবারের নির্বাচনে জামায়াতের কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। তারা ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের নারীরা। দলটির নেতাদের বিভিন্ন বক্তব্যে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল চায় নারীরা ঘরের ভেতরে থাকবে। তারা নারীদের ব্যবহার করে ভোট চায় এবং জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা করছে।
রাজশাহীর পবা উপজেলার হরিনা ইউনিয়নের নারী কর্মী নিলুফা ইসলাম তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে অভিযোগ করেন, গত ২১ নভেম্বর ধানের শীষের প্রার্থীর লিফলেট বিতরণের সময় জামায়াতের লোকজন তাঁকে ও তাঁর সহকর্মীদের শারীরিকভাবে হেনস্তা করেছে। তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
জেএইচআর