সালাহউদ্দিন আহমদ

৭১রে হিন্দুদের নির্যাতনকারীরাই নবরূপে নির্বাচনে দাঁড়িয়েছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৪:৩২ পিএম

একাত্তরে যারা সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারাই আজ নবরূপে ফিরে এসে নির্বাচনে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি প্রশ্ন রেখে বলেন, তাদের হাতে এ দেশের নাগরিকরা নিরাপদ কি না, তা আজ দেশবাসীকে ভাবতে হবে।

শুক্রবার সকালে কক্সবাজার-১ (চকোরিয়া-পেকুয়া) আসনের বিএনপির মনোনীত এই প্রার্থী তাঁর নির্বাচনী এলাকা পেকুয়া সদরের বিশ্বাস পাড়ায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের হাতে এ দেশের সনাতন ধর্মালম্বী ভাই-বোনদের সবচেয়ে বেশি নির্যাতন ও ত্যাগ স্বীকার করতে হয়েছিল। এই ইতিহাস তাঁদের পূর্বপুরুষেরা জানেন। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তারাই সনাতনীদের ওপর সেই জুলুম চালিয়েছিল।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বিএনপির শাসনামলে এ দেশের সব ধর্মের মানুষ নিরাপদ ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ‘বাংলাদেশী’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। আমরা কোনো ধরনের জাতি বা ধর্মীয় বিভক্তি চাই না; সবাই মিলে বাংলাদেশী হিসেবে শান্তিতে বসবাস করতে চাই।

পেকুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক চন্দময় বিশ্বাস তিলকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, যুবদল আহ্বায়ক কামরান জাদীদ মুকুট, বিশ্বাস পাড়া কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি শিমুল বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অংতোয়াইচিং রাখাইনসহ স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

জেএইচআর