মির্জা ফখরুল

একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না

ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:৩৬ পিএম

একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমার কাছে মনে হয়, আমাদের শেকড়টাকে আমাদের জানা উচিত। আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব। আমাদের নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমাদের বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা কিন্তু খুব জরুরি।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। সেজন্য আমি সবসময় এ কথাটা বলি একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে। ১৯৭১ সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই মিলে একসঙ্গে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি।

বিএনপির মহাসচিব বলেন, এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা প্রচারণা করা হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, পাঁচ বছর পর নির্বাচন একটাই আসে। আর যে ভোট আমরা দেব, এ ভোটটাকে বলা হয় পবিত্র আমানত। আমাদের ধর্মের ভাষায় বলে এটাকে খেয়ানত করা যাবে না। অর্থাৎ এটাকে নষ্ট করা যাবে না।

তিনি আরও বলেন, আমরা সেই ব্যক্তিকে ভোট দেব, যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দেবেন। কারণ ভোটের সময় মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত করে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁওতেও এ কাজটা হচ্ছে।

সবশেষে মির্জা ফখরুল উপস্থিত ভোটার ও সমর্থকদের কাছে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। 

এ সময় ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

ইএইচ