বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের পর এবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্ট হ্যাকারের কবলে পড়েছে।
মঙ্গলবার রাত ১১টা ৪৯ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে দলটি।
শীর্ষ নেতার অ্যাকাউন্টে সাইবার হামলার খবর জানিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকিংয়ের শিকার হওয়ার পর এবার সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স আইডিতে সাংঘাতিক সাইবার হামলা হয়েছে। দুর্বৃত্তরা হ্যাকিংয়ের পর তার আইডি থেকে আপত্তিকর পোস্ট দিয়েছে।
এর আগে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার পর দলটির আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য হ্যাকারদের দখলে ছিল। ওই সময় তার অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট করা হয়, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। এ নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলনও হয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে।
তিনি জানান, দুষ্কৃতকারীরা রাত ৯টা ৩ মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয়। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, যারা এ গুরুতর অপরাধে লিপ্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
ইএইচ