মির্জা আব্বাস

নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০২:৩৭ পিএম

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ তায়ালা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। 

তিনি বলেন, ‘আমি যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি, এ দোয়া করি।’ আজ রোববার নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন মির্জা আব্বাস।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাসকে নিয়ে নিয়মিত বিভিন্ন অভিযোগ করে আসছেন। এর প্রতিক্রিয়াতেই আজ এসব মন্তব্য করেন বিএনপির এ নেতা।

মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচন বানচালের জন্য কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা করা হতে পারে।

তার দাবি, ‘নিজেরা যা করবে, তার দায় অন্য দলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ তাদের সমর্থিত দল এখন ক্ষমতায় রয়েছে।’

যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে ১২ তারিখের পর ক্ষমতায় এসে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয় তা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। 

তিনি বলেন, ‘এ সাহস তারা পেয়েছে, কারণ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের লোক বসানো আছে, যারা প্রয়োজন হলে তাদের ইচ্ছেমতো নির্বাচনের ফল কারচুপির কাজ করছে।’

ইএইচ