বিএনপি

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফল মেনে নেব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০১:১৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে এক তাৎপর্যপূর্ণ সংবাদ সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের পরিবেশ যদি অবাধ ও নিরপেক্ষ থাকে, তবে জনরায়ের যেকোনো ফলাফলই বিএনপি মাথা পেতে নেবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন সুষ্ঠু করতে দলের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন।

মাহদী আমিন জানান, ভোটের মাঠে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তৃণমূল পর্যায়ে কঠোর দলীয় নির্দেশনা পাঠানো হয়েছে। তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কোনো দলীয় পরিচয় না দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এটিই আমাদের দলের স্ট্যান্ড। 

তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপি সর্বোচ্চ ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে দেশের কয়েকটি স্থানে বিএনপি কর্মীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। 

মাহদী আমিন অভিযোগ করে বলেন, বগুড়া-৪ ও কুমিল্লা-১১ আসনে বিএনপি প্রার্থীদের কর্মী ও সমর্থকদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তাছাড়া একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নিশ্চিত পরাজয় জেনেই ভোটারদের প্রভাবিত করতে বিপুল পরিমাণ অর্থ ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

মুখপাত্র জানান, এই সহিংসতা ও অর্থ ছড়ানোর সুনির্দিষ্ট অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হবে।

মাহদী আমিন বিশ্বাস করেন, যদি সব রাজনৈতিক দলের সদিচ্ছা থাকে, তবেই একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে আমরা ঘোষণা দিচ্ছি সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ যাকে নির্বাচিত করবে, বিএনপি সেই ফলাফলই মেনে নেবে।

নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে বিএনপি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে। মাহদী আমিন বলেন, ১৬ বছর পর আপনারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। কোনো হুমকি বা প্রলোভনে পা না দিয়ে নিজের পবিত্র আমানত রক্ষা করুন। আমরা বিজয়ী হলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করব।

উল্লেখ্য যে, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ২৯৯টি আসনে সংসদ নির্বাচন এবং একই সাথে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এএন