ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই তিনি নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোট প্রদান শেষে মির্জা ফখরুল জানান, দীর্ঘ ১৭ বছর পর দেশবাসী আবারও উৎসবের আমেজে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দিনভর এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং ভোটাররা কোনো বাধা ছাড়াই তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন।
সকাল থেকেই ঠাকুরগাঁওসহ সারা দেশের কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফজর নামাজের পর থেকেই অনেক কেন্দ্রে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।
এবারের নির্বাচনে মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারা দেশে আজ ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজারের বেশি।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই আসনের ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সারা দেশে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে।
জেএইচআর