ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা-১৫ আসনের প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোট দেওয়া শেষে ডা. শফিকুর রহমান সাংবাদিকদের জানান, দীর্ঘ ১৭ বছর পর দেশবাসী এক ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দিনশেষে জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন ঘটবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ প্রশস্ত হবে।
সকাল থেকেই ঢাকা-১৫ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে মনিপুর ও মিরপুর এলাকার কেন্দ্রগুলোতে নারী ও নতুন ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের এই ভিড় আরও বাড়ছে। উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছেন। বিশেষ করে ভোটকেন্দ্রের প্রবেশমুখে কড়া তল্লাশি ও নজরদারি রাখা হচ্ছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের রায় দিতে পারেন, সেটিই প্রশাসনের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে 'দাঁড়িপাল্লা' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীসহ সারাদেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
জেএইচআর