দেশব্যাপী বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, বগুড়া-৬ (সদর) আসনে নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান। এই আসনের ৪১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন।
৪১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন মোট ৫৬ হাজার ৩৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট। অর্থাৎ তারেক রহমান বর্তমানে ৩১ হাজার ৮৪৩ ভোটে এগিয়ে আছেন।
কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা গেছে, মাটিডালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৯৫১ ভোট এবং আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১ হাজার ৯৯ ভোট। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান ১ হাজার ৮৩৪ ভোট ও আবিদুর রহমান ১ হাজার ৪ ভোট পেয়েছেন।
এছাড়া সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুজুর্গধামা, মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি মোস্তফাবিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রেও তারেক রহমান বড় ব্যবধানে জয়ী হয়েছেন। ঠনঠনিয়া নুরুন আলা নূর ফাজিল মাদ্রাসার দুটি কেন্দ্রেও ধানের শীষের প্রার্থীর আধিপত্য লক্ষ্য করা গেছে।
বগুড়া সদর আসনের বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসার প্রক্রিয়া চলছে। তারেক রহমানের এই বিশাল ব্যবধানে এগিয়ে থাকার খবরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করছেন সাধারণ ভোটাররা।
জেএইচআর