ঢাকা-৪ ও ৫ আসনে জামায়াতের জয়নুল আবেদীন-কামাল হোসেন বিজয়ী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:২২ পিএম
 সৈয়দ জয়নুল আবেদীন, মোহাম্মদ কামাল হোসেন

ঢাকা-৪ আসনে প্রাথমিক ফলাফলে প্রায় ৩ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ জয়নুল আবেদীন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোট ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।

শুক্রবার ভোর সাড়ে চারটায় রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

ঢাকা-৪ আসনে পোস্টাল ভোটসহ ১১৬টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬২১ জন। ভোট বাতিল হয়েছে ২ হাজার ৫৫২টি। সে হিসাবে বৈধ ভোট ছিল ১ লাখ ৬২ হাজার ৬৯টি। ভোট পড়ার হার ৪৫ শতাংশ।

এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ হাতপাখা প্রতীকে ৬ হাজার ৫১৮ ভোট পেয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ফুটবল প্রতীক নিয়ে ২ হাজার ৮৬৭ ভোট পেয়েছেন।

 ঢাকা-৫ আসনে প্রাথমিক ফলাফলে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মো. নবীউল্লাহ নবীকে হারিয়েছেন।

মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়েছেন। আর মো. নবীউল্লাহ নবী পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।

শুক্রবার সকাল পৌনে ছয়টায় রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

ঢাকা-৫ আসনে পোস্টাল ভোটসহ ১৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৪ হাজার ৭৫০ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৩৮০টি। সে হিসাবে বৈধ ভোট ছিল ২ লাখ ১ হাজার ৩৭০টি। ভোট পড়ার হার ছিল ৪৯ শতাংশ।

এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ইব্রাহীম হাতপাখা প্রতীকে ১৪ হাজার ২০৬ ভোট পেয়েছেন।

এএন