সালাহউদ্দিন আহমদ

বিএনপির পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হবে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৭:১০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর ভবিষ্যৎ সরকারের পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ শাসনব্যবস্থা নিয়ে বিএনপির পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক নীতি-নির্ধারণী বার্তা দেওয়া হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপি সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদা ও সুসম্পর্কের ভিত্তিতে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দলটির প্রভাবশালী নেতা সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হবে সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে মেধা ও প্রযুক্তিনির্ভর একটি আধুনিক রাষ্ট্র গঠন করা।

সালাহউদ্দিন আহমদ বলেন, এবারের নির্বাচনে বিএনপির এই বিশাল জয় মূলত দীর্ঘদিনের আন্দোলনের ফসল এবং এটি দলটির কাছে অত্যন্ত প্রত্যাশিত ছিল। তিনি উল্লেখ করেন যে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুদূরপ্রসারী নেতৃত্ব এবং নির্বাচনে তাঁর ভার্চুয়াল ও রাজনৈতিক উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনা সৃষ্টি করেছিল। নির্বাচনের এই ফলাফল দেশে একটি শক্তিশালী ও টেকসই গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছে বলে তিনি মনে করেন।

দেশে বিচারহীনতার সংস্কৃতি দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার পাবেন।

প্রশাসন ও রাষ্ট্রের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে।দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বিএনপি যে ‘জুলাই সনদ’ ঘোষণা করেছিল, সেটির প্রতি দলের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “জুলাই সনদ কেবল একটি কাগুজে দলিল নয়, এটি রাজনৈতিক সমঝোতার প্রতীক। আমাদের সরকার এই সনদের প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে পালন করবে।”

তিনি আরও যোগ করেন, “নতুন বাংলাদেশের কারিগর হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। তাদের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি মেধানির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠন করব, যেখানে মেধাবীরা দেশ গড়ার নেতৃত্বে থাকবে।”

উল্লেখ্য যে, আইনি জটিলতা ও আদালতের নিষেধাজ্ঞার কারণে শেরপুর-৩, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪ আসনের ফলাফল বর্তমানে স্থগিত রয়েছে। গেজেট প্রকাশের পর সাংবিধানিক নিয়ম মেনেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদের বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল প্রতিবেশী দেশগুলোর প্রতি কূটনৈতিক বার্তা। আন্তর্জাতিক মহলে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি উন্নয়ন ও শান্তির জন্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের কোনো বিকল্প নেই। সম্মান ও পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমরা ভারতসহ সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সালাহউদ্দিন আহমদের এই বক্তব্য মূলত বিশ্ব সম্প্রদায়ের কাছে বিএনপির দায়িত্বশীল আচরণের একটি আগাম বার্তা। দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরে বিএনপি যে প্রতিহিংসার বদলে উন্নয়ন ও সুসম্পর্কের রাজনীতি করতে চায় এই ব্রিফিংয়ে সেটিই ফুটে উঠেছে।

এএন