নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বিএনপিকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নিজের ফেসবুক পাতায় এক বার্তার মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। একই সাথে তিনি সংসদে একটি দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দল হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জামায়াত আমির তাঁর বার্তায় উল্লেখ করেন, তাঁরা শুরু থেকেই একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। সেই প্রতিশ্রুতিতে অটল থেকে তাঁরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছেন এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তিনি নির্বাচনের সময় অক্লান্ত পরিশ্রম করা সকল স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরাজয়ে হতাশ কর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, তাঁদের প্রচেষ্টা বৃথা যায়নি। এবারের নির্বাচনে ৭৭টি আসন পেয়ে সংসদে জামায়াতের উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে আধুনিক বাংলাদেশের রাজনীতিতে তাঁরা অন্যতম শক্তিশালী বিরোধী শক্তিতে পরিণত হয়েছেন বলে তিনি দাবি করেন।
রাজনীতির পটপরিবর্তনের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, ২০০৮ সালে বিএনপি মাত্র ৩০টি আসন পেলেও ১৮ বছর পর আজ তারা সরকার গঠন করছে। গণতান্ত্রিক রাজনীতিকে তিনি একটি দীর্ঘ পথ হিসেবে অভিহিত করেন। এখন তাঁদের লক্ষ্য মানুষের আস্থা অর্জন করা এবং সরকারকে জবাবদিহির আওতায় আনা।
সবশেষে জামায়াত আমির স্পষ্ট করেন, তাঁদের আন্দোলন কেবল একটি নির্বাচনের জন্য ছিল না। নাগরিকদের অধিকার রক্ষা এবং একটি ন্যায়বিচারপূর্ণ রাষ্ট্র গড়াই তাঁদের মূল লক্ষ্য। তিনি একটি নীতিবান ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে জাতীয় অগ্রগতিতে অবদান রাখার এবং সরকারের গঠনমূলক সমালোচনা করার প্রতিশ্রুতি দেন।
জেএইচআর