নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১১:৪১ পিএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার রাতে রাজধানীর বাড্ডায় নাহিদ ইসলামের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাসায় প্রবেশের সময় দেখা যায়, নাহিদ ইসলাম ও সারজিস আলমকে বুকে টেনে নেন তারেক রহমান।

বৈঠক সংশ্লিষ্টরা বলেন, মূলত নির্বাচন-পরবর্তী সময়ে দেশে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবেই তারেক রহমান এই সাক্ষাৎ করেন। এই সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক লক্ষ্য করা গেছে।

বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল ও হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব সালেহ শিবলীসহ দলীয় অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে এনসিপির পক্ষে দলটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা উল্লেখ করেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে দলগুলোর মধ্যে এমন পারস্পরিক যোগাযোগ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে।

জেএইচআর