জুলাই সনদে সই করতে যমুনায় এনসিপি নেতারা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:৫৫ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর জুলাই জাতীয় সনদে সই করতে যাচ্ছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা।

প্রতিনিধিদলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন ও মনিরা শারমিন। এ ছাড়া যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাও নেতাদের সঙ্গে যমুনায় প্রবেশ করেছেন।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে ‘না’-এর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ প্রশস্ত হয়েছে। এখন জুলাই জাতীয় সনদে সই করার মাধ্যমে সেই প্রক্রিয়ায় আনুষ্ঠানিক সংহতি জানাচ্ছে তরুণদের গড়া দল এনসিপি।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা এই দলটি শুরু থেকেই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণায় অত্যন্ত সক্রিয় ছিল। সনদে সই করার পর তাঁরা পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

জেএইচআর