দেরিতে পৌঁছানোর কারণে বিএনপি দলীয় সংসদ সদস্যদের সাথে নির্ধারিত সময়ে শপথ নিতে পারেননি ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত ইশরাক হোসেন। পরবর্তীতে তিনি জামায়াতের সংসদ সদস্যদের সাথে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। একই সময়ে শপথ গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জামায়াতের সংসদ সদস্যরা যখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে শুরু করেন, ঠিক তখনই শপথস্থল থেকে বেরিয়ে যান ইশরাক হোসেন ও রুমিন ফারহানা। তাঁরা বেরিয়ে যাওয়ার পর জামায়াতের ৬৮ জন সদস্য সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন এবং নিজ আসন উল্লেখ করে শপথপত্রে সই করেন।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান।
আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বলে জানানো হয়েছে।
জেএইচআর