ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ নতুন সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। তিনি নতুন মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলে জানা গেছে।
মঙ্গলবার বিএনপি ও সচিবালয়ের ঘনিষ্ঠ সূত্রগুলো গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান। আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। এ ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য পেয়েছে ৭৭টি আসন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, তারেক রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্ব এবং দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে অটুট ঐক্যই বিএনপির এই বিশাল বিজয়ের নেপথ্যে কাজ করেছে। বিশেষ করে ১৭ বছর নির্বাসন শেষে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং নির্বাচনী রাজনীতিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ দলের নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।
তারেক রহমান কেবল নির্বাচনে জয় নিশ্চিত করেননি, বরং দলকে গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার একটি স্পষ্ট রূপরেখা দিয়েছেন বলে বিশ্লেষকরা উল্লেখ করেন। বিএনপির এই নিরঙ্কুশ জয়ে বর্তমানে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ ও স্বস্তির সুবাতাস বইছে।
জেএইচআর