জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মামলা দিয়ে পাটওয়ারীদের মুখ বন্ধ করা যাবে না।
রোববার বরিশালের হালিমা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে আবারও আওয়ামী আমলের মতো হয়রানিমূলক মামলার সংস্কৃতি শুরু হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, একজন পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে হাজারো পাটওয়ারী তৈরি হবে।
তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে আওয়ামী লীগের মতো দেখতে চায় না। বিএনপি একটি ফ্যাসিবাদবিরোধী দল এবং গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা ছিল। কিন্তু তারা যদি সেই আন্দোলনের চেতনার সঙ্গে বেইমানি করে আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে কিংবা দুর্নীতিবাজদের আশ্রয় দেয়, তবে রাজপথে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নির্বাচনে নানা কৌশলে আমাদের অনেক প্রার্থীকে হারানো হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতার কথা চিন্তা করে আমরা তা মেনে নিয়েছি। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি বরিশাল বিভাগের নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় নেতারা অংশ নেন।
জেএইচআর