বিকল্প উৎস থেকে দ্রুত জ্বালানি সরবরাহের আহ্বান জামায়াত আমিরের

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৯:২৭ পিএম
ডা. শফিকুর রহমান।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে চলমান জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

সোমবার নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি রাজধানীর বেশ কিছু ছবি শেয়ার করে এ উদ্বেগ জানান।

পোস্টে তিনি লেখেন, আজ রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেল নিতে মানুষের যে দুর্ভোগের ছবি দেখা যাচ্ছে- কিলোমিটারের পর কিলোমিটার লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা- তা সত্যিই খুব কষ্টের। রোজা রেখে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, কারও গাড়ির তেল একেবারে শেষ হয়ে গেছে।

তিনি আরও লেখেন, এই সংকট শুধু সাধারণ মানুষের যাতায়াতেই নয়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার ওপরও প্রভাব ফেলছে। সামনে ঈদের যাত্রা শুরু হবে- এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে মানুষের ঈদযাত্রা আরও কঠিন হয়ে পড়বে।

ডা. শফিকুর বলেন, আমরা এর আগেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের উদ্যোগ নিতে। কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। তাই সরকারের প্রতি আবারও অনুরোধ থাকবে- দ্রুত উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হোক।

সবশেষে তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এই সময়ে ধৈর্য ধরুন এবং অপ্রয়োজনে জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে এই সংকট থেকে উত্তরণের তাওফিক দিন।

এএন