রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এই অস্ত্রোপচার শেষে তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর হাসপাতালে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাঁর শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে সান্ত্বনা দেন। প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
হাসপাতাল ও দলীয় সূত্র জানায়, শুক্রবার সকালে সিটি স্ক্যান রিপোর্টে শারীরিক অবস্থার অবনতি পরিলক্ষিত হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠিত হয়। বোর্ডের পরামর্শ ও পরিবারের সম্মতিতে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, সফল অস্ত্রোপচার শেষে তিনি এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এর আগে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত থাকলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে দেশেই তাঁর চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলে পরবর্তী সময়ে তাঁকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) নেওয়ার প্রক্রিয়া শুরু করবে পরিবার।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
জেএইচআর