কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধের বিনিময়ে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবদাতাদের নাম জনসম্মুখে প্রকাশ করতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার মো. হৃদয় হাসান নামে এক ব্যক্তি কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে ওই ঘুষ প্রস্তাবদাতাদের নাম প্রকাশ করতে হবে অথবা তাদের আইনের আওতায় সোপর্দ করতে হবে। সম্প্রতি বিভিন্ন জনসভায় মুফতি আমির হামজা দাবি করেছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখার জন্য তাকে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন।
গত ২৭ ফেব্রুয়ারি তার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, দুর্নীতিমুক্ত দেশ গঠনের লক্ষ্যে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় ও শরিয়াহ আইন অনুযায়ী ঘুষদাতা ও গ্রহীতা উভয়ই সমান অপরাধী, তাই সংশ্লিষ্টদের পরিচয় গোপন রাখা সমীচীন নয়।
নোটিশে আরও বলা হয়, অপরাধীদের নাম প্রকাশ না করা তাদের পরোক্ষভাবে আশ্রয় দেওয়ার শামিল। তাই জনস্বার্থে ও আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত ওই ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা প্রয়োজন। তবে এই লিগ্যাল নোটিশের বিষয়ে মুফতি আমির হামজার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জেএইচআর