গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার বিকেলে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বিকেল ৫টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি শুরু হবে। গত ২ এপ্রিল লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই তথ্য নিশ্চিত করেন।
হামিদুর রহমান আযাদ বলেন, সরকার গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে। সংবিধান কেবল সংশোধন নয়, বরং সংস্কার প্রয়োজন এবং এর জন্য গণভোটের রায় মানা অপরিহার্য। তিনি সতর্ক করে বলেন, সরকার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে ব্যর্থ হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়া গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সেমিনার, গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে জনমত গঠন করা হবে।
এদিকে শুক্রবার জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে অগ্রাহ্য করাই হচ্ছে ফ্যাসিবাদের লক্ষণ। তিনি উল্লেখ করেন, দেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না জনগণ। জনগণের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত ১১ দল ও জামায়াতের লড়াই অব্যাহত থাকবে।
সংবিধান প্রসঙ্গে জামায়াত আমির আরও বলেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। জামায়াতে ইসলামী কোনো কাটাছেঁড়া সংবিধান চায় না, বরং জনগণের অভিপ্রায় অনুযায়ী চূড়ান্ত সংবিধান চায়। দাবি আদায়ে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে।
জেএইচআর