সরকার অনেক ওয়াদা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মানুষের অধিকার আদায়ে যেসব অধ্যাদেশকে আইনে রূপান্তরের অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। সরকারকেও অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে।
শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান সরকার ছাত্র-শ্রমিক-জনতার রক্তের বিনিময়ে গঠিত। তাই জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করলে তার দায় সরকারকেই নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি ইতিহাসে কেউ এড়াতে পারেনি।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর একটি নতুন জাতীয় ঐক্য গড়ে উঠেছে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই তারা এগোচ্ছেন। রাজনীতি, অর্থনীতি ও সমাজ সব ক্ষেত্রে ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।
ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, কেবল জাতীয় সংসদ নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথেও প্রস্তুত থাকতে হবে।
এএন