শিশির মনির

গণভোটের রায় না মানলে দেশ সাংবিধানিক সংকটে পড়বে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১২:২১ পিএম

গণভোটের ফলাফলকে সম্মান জানিয়ে দ্রুত সংবিধান সংস্কার সভার (কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাসেম্বলি) অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন না করলে দেশ নতুন করে সাংবিধানিক ও অনাস্থার সংকটে পড়বে।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে কীনোট পেপার উপস্থাপনকালে তিনি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ নতুন করে সাংবিধানিক ও আস্থাহীনতার সংকটে পড়বে।

‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

শিশির মনির বলেন, ইতিহাসে এমন কোনো নজির নেই যেখানে জনগণ গণভোটে রায় দিয়েছে অথচ সরকার তা বাস্তবায়ন করেনি। তার মতে, গণঅভ্যুত্থানের মতো রাজনৈতিক ঘটনাকে আদালতের আওতায় এনে সমাধান করা জটিলতা আরও বাড়ায়।

তিনি আরও বলেন, আগামী ১৯ তারিখ আদালত খুললে সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়টি সামনে আসতে পারে। আদালত যদি নিরপেক্ষ অবস্থান নেয়, তবে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

সংবিধান সংস্কার প্রক্রিয়ার রূপরেখা তুলে ধরে তিনি বলেন, গণভোটের ফল অনুযায়ী ১৮০ দিনের জন্য একটি সংবিধান সংস্কার সভা গঠন করতে হবে। এরপর সংসদকে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে বিভক্ত করার প্রস্তাবও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে শিশির মনির দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা পর্যালোচনা করে দেখা যায়—গণভোটের রায় উপেক্ষা করার ঘটনা বিরল।

আদালত ও রাজনৈতিক সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক বিষয় আদালতে নিয়ে গেলে সংকট আরও গভীর হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এএন