সরকার কর্তৃক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের যে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, তা দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। সরকারের এই সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে তিনি বলেন, এর ফলে সাধারণ মানুষের জীবনে নতুন করে চরম দুর্ভোগ নেমে আসবে।
তিনি আরও উল্লেখ করেন, জ্বালানির দাম বাড়লে সরাসরি পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের আয় না বাড়লেও ব্যয় বহুগুণ বেড়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়বে।
বিবৃতিতে জামায়াত নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, তেলের দাম বাড়ার কারণে শিল্প-কারখানার উৎপাদন ব্যয় এবং কৃষি খাতে সেচ ও পরিবহনের খরচও বৃদ্ধি পাবে। এটি বাজারে মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে এবং দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে।
সবশেষে মিয়া গোলাম পরওয়ার বলেন, সাধারণ মানুষ যখন জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে, তখন এই মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে আবির্ভূত হয়েছে। জনগণের দুর্দশা বিবেচনায় নিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং জ্বালানির দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।
জেএইচআর