সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেই তুলি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০১:২৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী হিসেবে সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দিয়েছে বিএনপি। 

সোমবার রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সানজিদা ইসলাম তুলি একজন প্রথিতযশা সমাজকর্মী এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক। তিনি ২০১৩ সালে বনানী থেকে নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন। ভাইয়ের নিখোঁজ হওয়ার পর থেকেই তিনি মানবাধিকার ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হন এবং ‘মায়ের ডাক’-এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মহলে গুম হওয়া পরিবারগুলোর কণ্ঠস্বর হিসেবে পরিচিতি লাভ করেন।

বিএনপির রাজনীতিতে তুলির আনুষ্ঠানিক সম্পৃক্ততা খুব বেশি দিনের না হলেও, তৃণমূল ও তরুণ প্রজন্মের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয়। এর আগে তিনি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে তিনি ৮৩ হাজার ৩২৩ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। সেই নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়ে জয়ী হন। যদিও তুলি ওই আসনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছিলেন।

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি আজ মোট ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। মানবাধিকার ও ন্যায়বিচারের আন্দোলনে সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ সানজিদা ইসলাম তুলিকে এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই মনোনয়নের মাধ্যমে রাজপথের একজন সাহসী মানবাধিকার কর্মীকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিল বিএনপি। তাঁর এই অন্তর্ভুক্তি গুম হওয়া পরিবারগুলোর আইনি ও নৈতিক লড়াইকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

জেএইচআর