ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মানসুরা আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে তিনি বিএনপির রাজনীতিতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় মামলা ও হামলার শিকার হয়েছেন তিনি। ২০২২ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের একটি মিছিলে হামলার ঘটনায় গুরুতর আহত হন মানসুরা। ওই ঘটনায় তার হাত ভেঙে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি ছাত্রলীগের ৩৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
এছাড়া ২০২৩ সালের এপ্রিল মাসেও তিনি পুনরায় হামলার শিকার হন। ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে অবস্থানকালে ছাত্রলীগের কর্মীদের হামলায় তিনি ও ছাত্রদলের আরও কয়েকজন নেতাকর্মী আহত হন।
শুধু শারীরিক হামলাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও একাধিকবার কুৎসা ও অপপ্রচারের শিকার হয়েছেন মানসুরা আলম। ২০২৩ সালের নভেম্বরে তার নামে একটি ভুয়া খবর ছড়িয়ে পড়লেও পরে সেটি ‘মিথ্যা ও বানোয়াট’ হিসেবে প্রমাণিত হয়।
দলীয় নেতারা মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
এএন