মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১১:৩৪ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের মনোনীত ১৩ জন নারী প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের কার্যালয়ে তারা এসব মনোনয়নপত্র দাখিল করেন।

জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।

এছাড়া জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমও প্রার্থী হয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকেও জোটের প্রার্থী করা হয়েছে সংরক্ষিত নারী আসনে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং ২৯ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

৫০টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে বিএনপি ইতোমধ্যে ৩৬ জন প্রার্থী চূড়ান্ত করেছে এবং তারাও আজ মনোনয়নপত্র জমা দেবে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোট একযোগে ১৩ জন প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছে এবং স্বতন্ত্রদের একটি জোট দিয়েছে একজন প্রার্থী।

নির্ধারিত সময় শেষে কোনো আসনে একক প্রার্থী থাকলে রিটার্নিং কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নির্বাচিত ঘোষণা করবেন।

এম জি