সেলিমা রহমান

সংরক্ষিত আসনের নারীরা গণতন্ত্র উত্তরণে ভূমিকা রাখবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৩:০৫ পিএম

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত ৩৬ জনের তালিকায় তিনি নিজেও রয়েছেন।

সেলিমা রহমান বলেন, মনোনয়ন প্রক্রিয়াটি অত্যন্ত সুচিন্তিতভাবে করা হয়েছে। এতে প্রবীণ ও নবীনদের সমন্বয় রয়েছে, যা ভবিষ্যতে সংসদে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ত্রয়োদশ সংসদে আমরা সবাই আসতে পেরে ধন্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদ। দীর্ঘ ১৭ বছর পর এই সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট পেয়েছে ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট পেয়েছে একটি আসন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দাখিল করা যাবে ২৬ এপ্রিল, নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

এম জি