জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেছেন, দলের নীতিগত অবস্থানের কারণেই জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের স্ত্রীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়নি। এক পরিবার থেকে দুইজনকে সংসদ সদস্য করার সুযোগ না রাখার সিদ্ধান্ত থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জোটের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার পর তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ জানান, অতীতে ডা. শফিকুর রহমানের স্ত্রী আমেনা বেগম সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। তবে এবার নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী তাকে মনোনয়ন না দিয়ে শহীদ পরিবারের একজন সদস্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “আমাদের জোটে যোগ্য নারী নেতৃত্বের অভাব নেই। তবে পরিবারকেন্দ্রিক রাজনীতি এড়াতে এক পরিবার থেকে একাধিক সংসদ সদস্য না রাখার নীতি অনুসরণ করা হয়েছে।”
জোটের মনোনয়ন প্রক্রিয়ায় চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার অভিজ্ঞ নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও তিনি জানান। তাঁর মতে, এসব প্রতিনিধি সংসদে গিয়ে জনস্বার্থে কাজ করবেন এবং সরকারের যেকোনো জনবিরোধী সিদ্ধান্তে গঠনমূলক ভূমিকা রাখবেন।
এছাড়া মনোনয়ন সংক্রান্ত আরেক প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে চলমান আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে হামিদুর রহমান আযাদ বলেন, তাদের ধারণা অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল হওয়ার সম্ভাবনা নেই।
এএন