বেসরকারি এক টেলিভিশন সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান। ফলে আসন্ন কাউন্সিলের পর মহাসচিব পদে নতুন মুখ আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। তার এমন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনা— কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরপর দলীয় ফোরামে নতুন কাউন্সিল আয়োজনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। জানা গেছে, আগামী ঈদুল আজহা-র পর কাউন্সিল আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, তিনি ক্লান্ত এবং বয়স ও শারীরিক অবস্থার কারণে কাউন্সিলের পর রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান। একই সঙ্গে তিনি জানান, মহাসচিব পদে নতুন নেতৃত্ব আসবে।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ এক দশক পর এবার সপ্তম কাউন্সিল হতে যাচ্ছে। এবারের কাউন্সিলকে আগের তুলনায় আরও বড়, অংশগ্রহণমূলক ও তৃণমূলমুখী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর দলটিতে বড় ধরনের নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হয়েছে।
বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে সক্রিয় রয়েছেন ১৪ জন। কয়েকজন সদস্য বয়সজনিত কারণে অসুস্থ বলেও জানা গেছে। ফলে কাউন্সিলের আগে কিংবা পরে সাংগঠনিক পুনর্গঠনও আসতে পারে।
আলোচনায় যেসব নেতাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে সালাহউদ্দিন আহমেদ নতুন মহাসচিব হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন। দলের নীতিনির্ধারণী পর্যায়ে তার সক্রিয় ভূমিকা, রাজনৈতিক কৌশল নির্ধারণে দক্ষতা এবং দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।
আমির খসরু মাহমুদ চৌধুরীও আলোচিত নাম। আন্তর্জাতিক যোগাযোগ, অর্থনীতি ও নীতিনির্ধারণী ইস্যুতে সক্রিয় ভূমিকার কারণে তিনি হাইকমান্ডের আস্থাভাজন হিসেবে পরিচিত।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভীর নামও আলোচনায় রয়েছে। দীর্ঘদিন দলীয় দপ্তর, আন্দোলন-সংগ্রাম ও মাঠ রাজনীতিতে সক্রিয় থাকায় তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
সম্ভাব্য তালিকায় রয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছাত্ররাজনীতি থেকে কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসা এই নেতা সাংগঠনিক দায়িত্ব পালনে দক্ষ হিসেবে পরিচিত।
প্রায় ১৫ বছর ধরে মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুলের অবসর ভাবনা এবং নতুন কাউন্সিলকে ঘিরে বিএনপিতে নেতৃত্ব পরিবর্তনের আলোচনা এখন তুঙ্গে। তবে শেষ পর্যন্ত কে হচ্ছেন নতুন মহাসচিব, তা নির্ভর করবে তারেক রহমান ও দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের ওপর। দলীয় নেতাদের ভাষ্য—অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতাই হবে চূড়ান্ত বিবেচ্য বিষয়।
এএন