ইসহাক সরকারসহ ৩ হাজার নেতাকর্মী এনসিপিতে যোগ দিচ্ছেন আজ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৪:৩৩ পিএম

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মী।

শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এবারের যোগদানে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসহাক সরকারের নেতৃত্বে প্রায় ৩ হাজার নেতাকর্মী এনসিপিতে শামিল হচ্ছেন। তাকে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। ১৯৯৬ সাল থেকে রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে গত ৪ ফেব্রুয়ারি বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। এছাড়া শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবালও আজ দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন।

রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি তরুণ ও অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যেও এনসিপি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে পরিচিতি পাওয়া মহিউদ্দিন রনিও এই যোগদান অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এনসিপির শীর্ষ নেতারা জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী দক্ষ ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের জন্য তাদের দলের দরজা সবসময় উন্মুক্ত।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, বিভিন্ন দল থেকে যারা অবহেলিত বা বহিষ্কৃত হয়েছেন, এমন দক্ষ নেতাদের এনসিপির পতাকাতলে আসার প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে গত ১৯ এপ্রিল আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৭ জন নেতাকর্মী একযোগে দলটিতে যোগদান করেছিলেন।

জেএইচআর