আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের জয়জয়কার হবে এবং সেই নেতৃত্বের অগ্রভাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থাকবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার ক্রমশই ব্যর্থতার দিকে যাচ্ছে।
শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, তারা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। তার মতে, এবারের স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের অংশগ্রহণ ও প্রভাব থাকবে এবং সেখানে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি দাবি করেন, এনসিপির প্রতি জনগণের সমর্থন বাড়ছে এবং প্রতি সপ্তাহে নতুন যোগদানকারীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি ও ইসহাক সরকার দলে যোগ দিয়েছেন বলেও জানান তিনি।
ইসহাক সরকারের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তিনি আগে বিএনপির ছাত্র ও যুব সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব এনসিপির জন্য অনুপ্রেরণাদায়ক বলেও তিনি উল্লেখ করেন।
এম জি