মানসুরা

এই মেয়েটির নামে মামলা দিলে কি বাকস্বাধীনতা লঙ্ঘন হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৭:০২ পিএম

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম সামাজিক যোগাযোগমাধ্যমে সুমাইয়া বান্না নামে একটি আইডির পোস্টের স্ক্রিনশট শেয়ার করে বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

শুক্রবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে তিনি জানতে চান, এ ধরনের বক্তব্যের জন্য যদি মামলা বা গ্রেফতার করা হয়, তবে সেটি আদৌ বাকস্বাধীনতার লঙ্ঘন হবে কিনা।

মানসুরা আলম তার পোস্টে উল্লেখ করেন, নারীদের রাজনীতি ও ক্ষমতায়নের পথে এখন প্রধান বাধা পুরুষেরা নন, বরং রাজনীতির সঙ্গে যুক্ত এক শ্রেণির নারীরাই অন্য মেয়েদের পেছনে টেনে রাখতে চাইছেন। তিনি মনে করেন, এদের মানসিকতা ও চিন্তা-চেতনা অত্যন্ত সংকীর্ণ।

তিনি আরও বলেন, কর্মজীবী নারীদের ছোট করা বা বিশেষ উদ্দেশ্যে নারী শক্তি প্রদর্শন করা কখনোই প্রকৃত নারী ক্ষমতায়ন নয়। নিজের অবস্থান পরিষ্কার করে মানসুরা জানান, তিনি শুরু থেকেই এই ধরনের রাজনৈতিক অবস্থানের বিরোধিতা করে আসছেন। হাজার হাজার নারীর শক্তিকে কোনোভাবেই কুক্ষিগত করতে দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটির প্রেক্ষাপটে মানসুরা আলমের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। রাজনৈতিক ও সচেতন মহলে বাকস্বাধীনতা এবং নারী নেতৃত্বের সুস্থ পরিবেশ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এই ফেসবুক পোস্টটি।

জেএইচআর