নির্বাচনী হলফনামা

জামায়াতের প্রার্থী সাবিকুন্নাহারের বছরে আয় ১৬ লাখ টাকা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৬:৫৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এবং তার স্বামীর মোট সম্পদের পরিমাণ ৪ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ১১৯ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

জাতীয় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে এই তথ্য জানা গেছে।

হলফনামা অনুযায়ী, সাবিকুন্নাহার মুন্নীর নিজের সম্পদের পরিমাণ ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৩১৬ টাকা। অন্যদিকে তার স্বামীর সম্পদ ২ কোটি ৯৮ লাখ ৩২ হাজার ৮০৩ টাকা।

মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারিও। তিনি ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের প্রার্থী মতিউর রহমানের সহধর্মিণী।

হলফনামায় দেখা গেছে, সাবিকুন্নাহারের বার্ষিক আয় ১৬ লাখ ৭ হাজার ২৫০ টাকা, তবে তার কাছে নগদ রয়েছে ১ লাখ টাকা। পেশায় আইনজীবী এই প্রার্থীর ১৩ ভরি সোনার গহনা রয়েছে এবং একটি প্রাইভেটকার আছে, যার মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

তার অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৪৪ লাখ ৭৬ হাজার ৫৫০ টাকা হলেও বর্তমান মূল্য দাঁড়িয়েছে প্রায় ৮৯ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া তার স্থাবর সম্পদের মধ্যে রাজধানীর উত্তরায় ৮ লাখ ৮ হাজার ৫০০ টাকার জমি এবং নিজস্ব প্লটে নির্মিত ভবনের মূল্য ১ কোটি ২৫ লাখ ১ হাজার ৭৬৩ টাকা উল্লেখ করা হয়েছে।

স্থাবর সম্পদের মোট অর্জনকালীন মূল্য ১ কোটি ৩৩ লাখ ১০ হাজার ২৬৩ টাকা হলেও বর্তমানে এর আনুমানিক মূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা বলে হলফনামায় উল্লেখ রয়েছে।

অন্যদিকে, তার স্বামীর অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ২ কোটি ২২ লাখ ৮৯ হাজার ২৯৫ টাকা, যা বর্তমানে ২ কোটি ৪৯ লাখ ৯২ হাজার ১৩০ টাকায় উন্নীত হয়েছে। তার স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৬১ লাখ ৯ হাজার ৪৩৪ টাকা হলেও বর্তমানে এর মূল্য প্রায় ১৬ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।

এম জি