আখতার হোসেন

প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৮:০৫ পিএম
আখতার হোসেন। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, গণভোটে হ্যাঁ এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি।

শনিবার এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জাতীয় যুবশক্তির সাত সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের কথা জানানো হয়।

আখতার হোসেন বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে, যা গণভোটের মূল চেতনার পরিপন্থী। তার মতে, নির্বাচনের পর শপথের প্রথম দিন থেকেই সরকার জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা শুরু করেছে এবং জুলাইয়ের জনরায় উপেক্ষা করছে।

তিনি আরও বলেন, ক্ষমতায় আসার পর সরকার বিপুল পরিমাণ টাকা ছাপিয়েছে, যা সংকটকে আরও গভীর করতে পারে। এছাড়া, ব্যাংক আইন পরিবর্তনের মাধ্যমে অর্থ পাচারকারীদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এতে স্পষ্ট হয় যে ক্ষমতার পরিবর্তন হলেও লুটপাটকারীদের প্রতি সরকারের মনোভাব অপরিবর্তিত রয়েছে।

সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ-এর সঙ্গে কোনো ধরনের আঁতাত করে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। তিনি দাবি করেন, আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে এনসিপি সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

এম জি